সিসি ডেস্ক: এবার যৌন কেলেঙ্কারীর অভিযোগ উঠলো ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাবির খানের বিরুদ্ধে। একজন নারী চিকিৎসকের আনা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।
এনডিটিভি’র খবরে বলা হয়, ওই চিকিৎসক তার অভিযোগে বলেন, এক সপ্তাহ আগে সাবির খান এক কর্মচারীর মাধ্যমে টেলিফোনে তাকে ডেকে পাঠান। ইউনিয়নমন্ত্রী গুলাম নবী আজাদের হাসপাতাল সফরের সময় দেয়া ঘোষণাবলী নিয়ে আলোচনার জন্য মন্ত্রী তাকে তলব করেন।
যথাসময়ে ওই চিকিৎসক মন্ত্রণালয়ে পৌঁছান। মন্ত্রী তখন ১০-১৫ জনের সঙ্গে আলাপ করছিলেন। তাকে তার ছোট্ট কেবিনে অপেক্ষা করতে বলা হয়।
পরে মন্ত্রী সাবের খান আলাপ শেষ করে ওই চিকিৎসকের কাছে যান। তিনি কাজের কথা বাদ দিয়ে মৌখিক এবং শারিরীকভাবে তাকে হয়রানি করতে শুরু করেন। তিনি বিরক্ত হতে থাকার পরও মন্ত্রী তাকে নানা প্রলোভন দেখাতে থাকেন। তাদের ওই বৈঠক ১০-১৫ মিনিট স্থায়ী হয় বলে ওই নারী তার অভিযোগে জানান।
ওই নারী চিকিৎসক আরো অভিযোগ করেন, ইউনিয়নমন্ত্রী গোলাম নবী আজাদের সঙ্গে হাসপাতাল পরিদর্শনকালেও চিকিৎসামন্ত্রী তাকে তার সার্কিট হাউসে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন।
এই অভিযোগের ভিত্তিতে রনবীর পেনাল কোড নামে পরিচিত কাশ্মীরের নিজস্ব আইনের ৩৫৪ ও ৫০৯ ধারায় মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শিগিরইই তাকে গ্রেপ্তার করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, সাবির খান কংগ্রেস দল থেকে কাশ্মীরের রাজৌরি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
সূত্র: এনডিটিভি