বিশেষ প্রতিনিধি: আগামী ১৯ ফেব্রুয়ারী প্রথম পর্যায়ের আওতায় দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের নির্বাচন। দিন যতো ঘনিয়ে আসছে নির্বাচনও ততো জমে উঠেছে। প্রার্থীদের নির্ঘুম রাত কাটানোর পাশাপাশি কর্মীদের ছোটাছুটি অন্ত নেই। পরিশেষে কার গলায় পরবে বিজয়ের মালা তা এখন অপেক্ষার পালা!
এবারে খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন আ’লীগের প্রার্থী আবু হাতেম (দোয়াত-কলম), বিএনপি প্রার্থী সহিদুজ্জামান শাহ্ (আনারস), জাতীয় সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ আলী শাহ্ (কাপ-পিরিচ), ১৪ দলের সমর্থিত প্রার্থী মাহাফুজার রহমান চৌধুরী (মোটর সাইকেল) এবং বিএনপি’র প্রার্থী মোবাশ্বের হক সরকার মুক্তি (ঘোড়া)। উপজেলা আ’লীগের একটি সূত্রমতে, উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য এ এইচ মাহমুদ আলীর ভাই এ জেড শামীম ও খানসামা উপজেলার অনুমোদনহীন কমিটির সাধারণ সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন আ’লীগের প্রার্থী বাদ দিয়ে ওয়াকার্স পার্টির নেতা মাহাফুজুর রহমান চৌধুরীকে সমর্থন দিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। বিশেষ করে আ’লীগ সমর্থিত ভোটাররা পড়েছে বিপাকে। সেই সাথে কর্মীরা আ’লীগ সমর্থিত প্রার্থীর জন্য ভোট চাইতে গিয়ে ভোটারের কাছ থেকে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে।
এ অবস্থায় রোববার চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দরে নির্বাচনী এক সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সদস্য আবু হাতেম কে খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেয়ায় নতুন করে মোড় নিয়েছে এ উপজেলার নির্বাচন। নির্বাচনী এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বলে দেখা গেছে, দোয়াত-কলম প্রতিক নিয়ে আ’লীগের প্রার্থী আবু হাতেম এবং আনারস প্রতিক নিয়ে বিএনপি প্রার্থী সহিদুজ্জামান শাহ’র মধ্যে প্রতিদ্বন্দ্বী হবে। উল্লেখ্য যে, আবু হাতেম ও সহিদুজ্জামান শাহ আপন শ্যালক-দুলাভাই। অনেকের মতে, বর্তমানে আ’লীগের প্রার্থী আবু হাতেম এগিয়ে রয়েছে। অপরদিকে দিকে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের হক সরকার মুক্তি ও জাসদ’র প্রার্থী মোহাম্মদ আলী শাহ্ নির্বাচনে অংশ নিলেও মাঠে তাদের কোন প্রভাব নেই। তবে ১৪দলের সমর্থিত খানসামা উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি মাহাফুজুর রহমান চৌধুরী নতুন মুখ হিসেবে ভোটারের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে মাহাফুজুর রহমান এবারে বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বৈকি।
কথা হয় খানসামা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা আ’লীগের সদস্য শফিউল আযম চৌধুরী লায়ন’র সাথে। তিনি বলেন, যে কমিটির মাধ্যমে জেলা কমিটি নির্বাচিত হয়েছে এবং দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুর-৪ আসনের প্রার্থী বাছাইয়ে অংশ নিয়েছিল, সে কমিটি অনুমোদনহীন কমিটি হয় কি ভাবে? তিনি বলেন, আবু হাতেম আ’লীগের একজন বিতর্কিত ও বিদ্রোহী প্রার্থী। তিনি (আবু হাতেম) প্রতিটি নির্বাচনে তাঁর আত্মীয়কে জেতানোর জন্য নির্বাচন করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা কমিটির চিঠি পেয়ে ২৩ জানুয়ারী উপজেলা আ’লীগের বর্ধিত সভায় ১৪ দলের প্রার্থী হিসেবে খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে ওয়াকার্স পার্টির নেতা মাহাফুজুর রহমানকে মনোনীত করা হয়েছে। নতুন করে জেলা কমিটি কাকে সমর্থন দিলো তা আমার জানা নেই।
খানসামা উপজেলা আ’লীগের বর্তমান কমিটি অনুমোদনহীন বলে আখ্যায়িত করে উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হক শাহ সিসি নিউজকে জানান, ২৩ তারিখের উপজেলা আ’লীগের বর্ধিত সভায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশ উপেক্ষিত হয়েছে। নেত্রী বা কেন্দ্রীয় কমিটি দলীয় প্রার্থী মনোনীত করার নিদের্শ দিলেও খানসামার অনুমোদনহীন কমিটি আ’লীগের প্রার্থী আবু হাতেমকে সুকৌশলে মাইনাস করে সংসদ সদস্যের সুপারিশ পত্রের আলোকে ওয়াকার্স পার্টির নেতাকে মনোনয়ন দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী কখনও অন্য কাউকে জেতার জন্য প্রার্থী হয়, একথা একজন নেতার মুখে কখনও শোভা পায় না- যা হাস্যকর বটে।
চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দরে রবিবারের সভায় খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে আবু হাতেমকে জেলা কমিটি কর্তৃক দলীয় প্রার্থী হিসেবে ঘোষণার কথা জানেন না বলে জানিয়েছেন দিনাজপুর জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক তাজ-উল-সামস সুমন। তিনি বলেন, লিখিত ভাবে এমন কোন চিঠিপত্র বা সিদ্ধান্ত দপ্তরে নেই।
তবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল সিসি নিউজকে বলেন, খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী মনোনয়নের নিমিত্তে বর্ধিত সভাটি ছিল ত্রুটিপূর্ণ। উপজেলা পরিষদের জন্য আ’লীগের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জেলা কমিটির মনোনীত সদস্যের উপস্থিতিতে তৃণমূল নেতাকর্মীদের সমর্থনে নির্বাচন করার কথা সেন্টাল কমিটির দেয়া জেলা কমিটির চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে। কিন্তু খানসামা উপজেলা আ’লীগের ওই বর্ধিত সভায় জেলা কমিটির মনোনীত কোন সদস্য ছাড়াই প্রার্থী মনোনয়ন করা হয়েছে। ফলে ওই বর্ধিত সভায় প্রার্থী মনোনয়নটি ছিল ত্রুটিপূর্ণ।