ঢাকা: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের ১৫ বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান করবে সরকার। আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০১৪ সালের একুশে পদক দেবেন।
মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব সরদার মতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এ বছর একুশে পদক পাচ্ছেন – ভাষা আন্দোলনে শামসুল হুদা, ডা. বদরুল আলম (মরণোত্তর), শিল্পকলায় রাম কানাই দাশ, এসএম সোলায়মান (মরণোত্তর), কেরামত মওলা, সাংবাদিকতায় গোলাম সারওয়ার, গবেষণায় ড. এনামুল হক, শিক্ষায় ড. অনুপম সেন, ভাষা ও সাহিত্যে জামিল চৌধুরী, বেলাল চৌধুরী, রশীদ হায়দার, বিপ্রদাশ বড়ুয়া, আবদুস শাকুর (মরণোত্তর) এবং সমাজসেবায় অধ্যাপক ডা. মুজিবুর রহমান।
নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ এক লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।
একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় পুরস্কার। প্রতিবছর সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ মর্যাদাপূর্ণ পদক দিয়ে থাকে। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।