দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সকল ধর্মের মানুষের বসবাসের সমান অধিকার রয়েছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী বর্তমান সরকার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা কোনভাবেই বরদাস্ত করবে না। তিনি শুক্রবার সকালে সম্প্রতি দুস্কৃতিকারীদের হামলার শিকার দিনাজপুরের কাহারোল উপজেলার শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রম পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। গত ৫ ফেব্রুয়ারী দিবাগত রাতে একদল দুস্কৃতিকারী এই সেবাশ্রমে হামলা ও ভাংচুর চালায়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেবাশ্রমের পরিচালক নন্দ দুলাল চক্রবর্তী, জেলা কৃষকলীগ নেতা সাখাওয়াত হোসেন প্রমুখ।
এর আগে হুইপ ইকবালুর রহিম সেবাশ্রম ও মন্দির পরিদর্শন করেন এবং হামলার বিবরন শুনেন। এসময় কোতয়ালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ আওয়ামীলীগের নেতাকর্মী ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।