সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে তাজির উদ্দিন গ্রান্ড হোটেলে হামরার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী রনিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সোয়া দুইটার সময় আসামীর নিকটাত্মীয়ের এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই এস এম সাঈদ ও নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শহরের লিবার্টি সিনেমা হলের সন্নিকটে আসামীর মামার বাসা থেকে মামলার প্রধান আসামী রনিকে আটক করে। রনি মন্সিপাড়ার আব্দুস সাত্তারের পুত্র।
উল্লেখ যে, ঈদের পূর্বদিন তাজির হোটেলের পিছনে তামান্না সিনেমা হলের সামনে হোটেলের জনৈক শ্রমিক পানি ফেলতে গিয়ে রনি ও সায়েম নামের পথচারীর পোষাকে ছিটকে পড়ে। এ নিয়ে শ্রমিকদের সাথে ওই তরুদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ওই তরুনেরা হোটেলের কাঁচের গ্লাস ভেঙ্গে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে হোটেল মালিকের পুত্র বখতিয়ার রহমান, হোটেল শ্রমিক মিন্টু (২০) ও আবু সুফিয়ান (২২) গুরুতর আহত হয়। এ ঘটনায় ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে এগিয়ে এলে হামলাকারীরা সটকে পড়ে। পরে আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বখতিয়ার ও সুফিয়ানের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় আহতের বখতিয়ারের ভাই আতিয়ার রহমান নিজে বাদী হয়ে রনি ও সায়েমের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। এ মামলায় অজ্ঞাত আরো ৩/৪ জনের কথা উল্লেখ রয়েছে।