সিসি ডেস্ক: মথুরার বৃন্দাবনের বাঙ্কে বিহারী মন্দিরে হঠাৎই হলো নোট বৃষ্টি। মন্দিরের ওপর থেকে পড়তে থাকল পাঁচশো টাকার নোট।
বেশ কিছুক্ষণ ধরে চলল এই বৃষ্টি। মন্দিরের ওপর থেকে নোট বৃষ্টি শুরু হয়ে যায় সেটাকে কুড়িয়ে নেওয়ার হুড়োহুড়ি। ঘটনাটি গত শনিবারের।
অনেকে বলতে শুরু করেন যে ভগবান খুশি হয়েই এই কাজ করছেন। কিছুক্ষণ পরেই অবশ্য জানা যায় টাকা বৃষ্টির আসল কারণ।
মুম্বাই থেকে আসা নারী ভক্ত হেমবতী সঙ্কর (৫০) পুজো দিতে এসেছিলেন এই মন্দিরে। তার ব্যাগে ছিল বেশ কিছু ৫০০ টাকার বান্ডিল। মন্দিরে ঢোকার আগে সেই ভক্ত একটি বানরকে বিরক্ত করছিল। এক পর্যায়ে টাকার ব্যাগ নিয়ে পালায় সেই বানরটি। ব্যাগে ছিল প্রায় দেড় লক্ষ টাকা।
বানর ব্যাগ নিয়ে পালানোর পর গাছের ওপর থেকে সেই টাকা নিচে ছুঁড়তে থাকে।
গাছের ডালে বানরটি আড়াল থাকায় বোঝা যায়নি যে আসলে টাকা বৃষ্টির পিছনে আসলে তারই হাত।
ভারতের এই অঞ্চলটিতে বানরদের উৎপাত বেশ লক্ষণীয়। এ অঞ্চলে অন্তত ১০ হাজার বানরের বাস বলে ধারণা করা হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া