পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারীতে বন্ধুকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে আটোয়ারী উপজেলার বিএম কলেজে পাশের একটি লিচু বাগান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর কচুবাড়ি গ্রামের হরিপদ সেনের পুত্র রিংকু সেন(২০), একই এলাকার মনোরঞ্জন শর্মার পুত্র পলাশ শর্মা (২০) ও আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের আব্দুল হাসানের পুত্র নয়ন (১৮)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া মহল্লার সালাহ উদ্দিনের পুত্র শাহনেওয়াজ অনু (২০) তার পূর্বপরিচিত বন্ধু রিংকু সেন ও পলাশ শর্মার সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে মটর-সাইকেলযোগে পাশের উপজেলা সদর পঞ্চগড়ের আটোয়ারীতে যান। এ সময় পলাশ তার পূর্বপরিচিত এবং স্থানীয় বন্ধু নয়নকে সঙ্গে নেন। তারা বি.এম কলেজের পাশে একটি লিচু বাগানে ঢোকে। এরপরই অজ্ঞাত কারণে রিংকু, পলাশ ও নয়ন জোর করে অনুকে হাঁটুগেড়ে বসিয়ে রাখেন। এক পর্যায়ে তারা অনুর মোটর-সাইকেলের চাবি, মোবাইল সেট ও মানিব্যাগ কেড়ে নেয়। তারা অনুকে প্যান্টের বেল্ট দিয়ে বেঁধে ও গলা চেপে ধরে বেদম মারপিট শুরু করেন। অনুর আর্তচিৎকারে পথচারী রফিকুল মেম্বারসহ কয়েকজন লিচু বাগানের ভেতর গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় অপহরণকারী বন্ধুদেরও আটক করেন তারা। তবে নয়ন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়।পুলিশ জানায়, এ ঘটনায় বল প্রয়োগ না করে কৌশলে অপহরণের পর স্থানীয় বখাটে যুবক নয়নের সহযোগিতায় মটরসাইকেল এবং নগদ টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। স্থানীয়রা এগিয়ে না এলে বড় ধরণের দুর্ঘটনা ঘটত।
আটোয়ারী থানার ওসি মো. শাহ্ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় যুবক নয়নের সহযোগিতায় অন্য বন্ধুরা অনুকে কৌশলে অপহরণ করেছে। পরে অপহরণকারী বন্ধুরা তাকে গাছে বেঁধে ব্যাপক মারপিট করে। এ ঘটনায় মামলা হয়েছে এবং ওই মামলায় তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে।