হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার গরদাই নদীতে নৌকাডুবিতে নারী-শিশুসহ তিনজনের মৃত্যু ও ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের জুম্মত মিয়ার ছেলে ইদ্রিছ আলী (৫০), ইসার আলীর স্ত্রী আমেনা বেগম (৩২) ও কদর আলীর ছেলে ফিহাদ (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আজমিরীগঞ্জের বিরাট গ্রাম থেকে ৫০ জন যাত্রী কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগরা এলাকায় মালিকের দর্গার মাজারের উদ্দেশে যাচ্ছিলেন। নৌকাটি গরদাই নদী দিয়ে যাওয়া সময় একটি গাছের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু ও ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদেরকে চিকিৎসা দেওয়া হয়।