• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

৫০ হাজার টাকা দেওয়ার ক্ষমতা চান ডিসিরা

Gov.ঢাকা : দুর্ঘটনাজনিত কারণে মৃত ব্যক্তির দাফন ব্যয় ও শোকার্ত পরিবারকে আর্থিক সহায়তা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা পর্যন্ত জি. আর (ক্যাশ) দেওয়ার ক্ষমতা চাইছেন জেলা প্রশাসকরা।

মঙ্গলবার শুরু হাওয়া তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে এ প্রস্তাব দিয়েছেন সিলেট জেলা প্রশাসক।

জেলা প্রশাসক সম্মেলন-২০১৫ কার্যপত্রে বলা হয়েছে, দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে  জি. আর (ক্যাশ) হতে জেলা প্রশাসক সর্বোচ্চ ২০ টাকা দিতে পারেন। একজন মৃতের দাফন এবং তার শোকার্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য এ অর্থ অপ্রতুল।

জেলা প্রশাসক সম্মেলনে আলোচনার জন্য জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনাররা বিভিন্ন প্রস্তাব পাঠান।

নীলফামারী জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাবনায় বলেছেন, মোহাজেরদের জন্য অধিগ্রহণকৃত জমির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ণ করা যেতে পারে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক জেলার রামগতি উপজেলার তেলিয়াচরে চারটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাবনা দিয়েছেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের অনুকূলে একটি করে ট্রাক, মিনি ট্রাক অথবা পিকআপ ভ্যান দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাবনায় প্রতিটি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে জনবল নিয়োগের সুপারিশ করেছেন। এরমধ্যে উপজেলা প্রকল্প অফিসের জন্য একজন অফিস সহকারী, একজন অফিস সহায়ক এবং দুইটি ইউনিয়নের জন্য একজন করে কার্যসহকারী নিয়োগের সুপারিশ রয়েছে।

সোলার প্যানেল স্থাপনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং কাবিখার পরিবর্তে কাবিটা থেকে বরাদ্দ দেওয়ার প্রস্তাবনা দিয়েছেন নাটোর জেলা প্রশাসক। এছাড়া নাটোর জেলা প্রশাসক নবগঠিত নলডাঙ্গা উপজেলায় খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর নির্মাণের প্রস্তাবনা দিয়েছেন।

খাদ্যশস্য মজুদ ও সংরক্ষণের জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক চৌহালিতে, ফরিদপুর জেলা প্রশাসক সালথা এবং নাটোর জেলা প্রশাসক নলডাঙ্গায় একটি করে খাদ্য গুদাম নির্মাণের প্রস্তাবনা দিয়েছেন।

মঙ্গলবার থেকে টানা তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন (ডিসি সম্মেলন) শুরু হয়। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

বুধবার দ্বিতীয় কার্যদিবসের চতুর্থ অধিবেশনে জেলা প্রশাসকদের এসব প্রস্তাবনা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনদিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার আটটি অধিবেশন সাজানো হয়েছে। সকাল ৮ টা ৪৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে দিনের কার্যক্রম শুরু হয়েছে।

সরকারের নীতি-নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতিবছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে মঙ্গলবার প্রথমদিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি এবং সচিবালয়ে ৪টিসহ ৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে ৯টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ