কক্সবাজার : মহেশখালীর তিন বছরের শিশু সুমী আক্তারকে হত্যার দায়ে তার সৎ বাবা আবদুল গফুরকে (৩৪)ফাঁসির আদেশ দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন। ফাঁসির আদেশপ্রাপ্ত গফুর মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের আবুল শামার ছেলে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিঁপিঁ) মমতাজ আহমদ জানান, ২০১৩ সালে মহেশখালীর কুতুবজোমের তাজিয়াকাটা গ্রামের ৩ বছরের শিশু কন্যা সুমি আক্তারকে তার মায়ের দ্বিতীয় স্বামী আবদুল গফুর হত্যা করে। মায়ের অগোচরে ফুঁসলিয়ে বাড়ি থেকে বের করে শিশু কন্যাকে হত্যা করে মৃতদেহটি বেড়িবাঁধে পাথর চাপা দিয়ে রাখেন তিনি। একদিন পর শিশুর মাকে মোবাইল ফোনে হত্যার কথা স্বীকার করে মৃতদেহ দেখিয়ে দেয় আবদুল গফুর।এঘটনায় মা তৈয়বা বেগম বাদী হয়ে মহেশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন আবদুল গফুরের বিরুদ্ধে। পরে পুলিশ আবদুল গফুরকে গ্রেফতার করে। পুলিশ তদন্ত শেষে গফুরের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানির পর সোমবার জেলা ও দায়রা জজ আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।