সাতক্ষীরা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির আবদুল খালেক মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মজিবুর রহমান এ নির্দেশ দেন।
এর আগে জামায়াতের এই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশনা চেয়ে আবেদনের শুনানি করেন প্রসিকিউটর সুলতানা রেজিয়া। প্রসিকিউটর জেয়াদ আল মালুম এসময় উপস্থিত ছিলেন।
পরে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ট্রাইব্যুনাল আগামী ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে সকল তথ্য প্রমাণাদি ট্রাইব্যুনালে জমা দেয়ার নির্দেশ দেন।
ইতিপূর্বে বিস্ফোরক মামলায় আটক ছিলেন জামায়াতের এই নেতা। পরে তাকে মানবতাবিরোধী মামলায় যুক্ত করা হয়। তার বিরুদ্ধে ৭১ সালে হত্যাকাণ্ড ও ধর্ষণের বেশকিছু অভিযোগ রয়েছে।