বেনাপোল : যশোরের বেনাপোলে কাগমারী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ রঙিন কচ্ছপের চালান আটক করেছে বিজিবি। উদ্ধার করা এসব কচ্ছপ খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, যশোরের সীমান্ত পথে ভারত থেকে বিপুল পরিমাণ কচ্ছপের একটি চালান দেশে প্রবেশ করেছে বলে জানতে পারে বিজিবি। এ খবর পেয়ে মঙ্গলবার বিকেলে বেনাপোলের কাগমারী এলাকায় একদল বিজিবি সদস্য অভিযান চালায়। কাগমারী গ্রামের একটি পুকুরের পাশ থেকে উদ্ধার করা হয় পাঁচটি বস্তায় বিশেষ ব্যবস্থায় রাখা কচ্ছপ। এ সময় কোনো চোরাকারবারীকে আটক করা যায়নি। উদ্ধার করা কচ্ছপের অধিকাংশই মৃত।