পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের ফতেমোহাম্মদপুর টাঙ্কিরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফতেমোহাম্মদপুর টাঙ্কিরমোড় এলাকার আইনুল হকের স্ত্রী নাজু খাতুন (৫০) ও তার মেয়ে তারানা (২০)।
স্থানীয়রা জানায়, বিকেলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিলো। এ সময় বাড়ির আঙিনায় কাপড় দিতে গিয়ে বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নাজু খাতুন ও তারানা।
বিষয়টি বুঝতে পেরে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিন উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।