খুলনা : খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ বিল্লাল হোসেন খানের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে বটিয়াঘাটা উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা সদরের বাজার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, বিল্লাল হোসেন খান বটিয়াঘাটা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করার পর থেকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তার হয়রানি ও মিথ্যা মামলা থেকে রেহাই পাচ্ছে না সাংবাদিকরাও। অনেক সাংবাদিককে তিনি হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে বটিয়াঘাটা ছাড়া করেছেন। তিনি এতেই ক্ষান্ত হননি, তার নির্দেশে বটিয়াঘাটা থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত ইউএনও বিল্লাল হোসেন খানকে প্রত্যাহার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীলিপ হালদার, প্রদীপ বিশ্বাস, ওবায়দুল হক, জাকির হোসেন লিটু, মোক্তার হোসেন, মিজানুর রহমান বাবু, মিলন গোলদার, রেহানা আফরোজ শোভা, মিনারা বেগম, মিরাজুল তরফদার প্রমুখ। পরে উপজেলা সদরে ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলে নারী-পুরুষসহ পাঁচ সহস্রাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে গত মঙ্গলবার বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি অরিন্দম গোলদার ইউএনও বিল্লাল হোসেন খানসহ চারজনের বিরুদ্ধে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে (‘ঘ’ অঞ্চল) মামলা দায়ের করেন। এর আগে গত সোমবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন