ভোলা: ভোলার চরফ্যাশনের ঢালচরের দুটি ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ১৬ জন জেলে।
রোববার রাত সাড়ে ১১টায় এ ট্রলার দুটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায় বলে ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এএসআই মনিরুল ইসলাম জানান।
জানা যায়, ঢালচরের আব্দুর রহিম মাঝির একটি মাছ ধরার ট্রলার মাছ ধরতে গিয়ে ১৬ জন জেলেসহ মহিপুরের পূর্ব পাশে সাগর মোহনায় রোববার রাত সাড়ে ১১টায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
এ ঘটনায় ডুবে যাওয়া ট্রলারটি ১৬ জেলের মধ্যে আবদুল আলী মাঝি (৫৫) নামের জেলেকে মুমূর্ষ অবস্থায় মহিপুরের সাগর মোহনা থেকে জেলেরা উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চরফ্যাশনের উওর আইচা গ্রামে বলে জানা গেছে।
অন্যদিকে ঢালচরের পূর্ব পাশে মেঘনা মোহনায় কালাম মাঝির ডুবে যাওয়া ট্রলারটি নিখোঁজ ছয় জেলেকেই নদীতে ভাসমান অবস্থায় অন্য ট্রলারের সহায়তায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, কামাল মাঝি (৫০), হিরন (৪৫), শাহাজান (৪০), আরিফ (২০), শরীফ (২২) ও জসিম (৩০)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিপুরে সাগরে ডুবে যাওয়া ঢালচরের আবদুল রহিম মাঝির ট্রলার ও ১৬ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মনিরুল ইসলাম জানান, মহিপুরের সাগরে ডুবে যাওয়া ঢালচরের আবদুল রহিম মাঝির ট্রলার ও ১৬ জেলে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
ট্রলার ও জেলেদের উদ্ধারে মালিক আবদুল রহিম মাঝিসহ তারা সহযোগিরা মহিপুর সাগরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে চরমানিকা কোস্ট গার্ড কন্টিনজেন্টের পেটি অফিসার মোশারেফ হোসেনর সঙ্গে আলাপ করলে তিনি জানান, ডুবে যাওয়া দুটি ট্রলারের একটি উদ্ধার করা হলেও অপর ট্রলারটি মহিপুরের সাগর থেকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এবং নিখোঁজ ১৬ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।