নোয়াখালী : নোয়াখালীতে যাত্রীবাহী বাসচাপায় মিলয় (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনার প্রতিবাদে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
শনিবার সকাল ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের রামগঞ্জ-চৌমুহনী সড়কে সালামের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মিলয় (১০) মিরওয়ারিশপুর ইউনিয়নের ওই গ্রামের নূর ইসলাম খোনার বাড়ির ছায়দুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশু মিলয় রামগঞ্জ-চৌমুহনী সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে ছেড়ে আসা জননী সার্ভিসের একটি যাত্রীবাহী বাস মজুমদারহাট বাসার সংলগ্ন সালামের দোকান এলাকায় মিলয়কে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় আধাঘণ্টা রামগঞ্জ-চৌমুহনী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছলে তারা অবরোধ তুলে নেয়।