সিসি নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রাক্তন সংসদ সদস্য এম. আব্দুর রহিমকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ১২টার দিকে দিনাজপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ আব্দুর রহিমকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। সোমবার স্বাস্থ্যের অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।এখানে তাকে ৫০২ নম্বর কেবিনের আইসিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বার্ধক্যজনিত হাইপারটেনশনসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন।
হাসপাতালে তার সার্বক্ষণিক চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন তার দুই ছেলে এনায়েতুর রহিম ও ইকবালুর রহিম। এছাড়াও শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনরা দেখতে আসছেন।
এদিকে সোমবার বিকেলে তার সহধর্মিণী নাজমা বেগম তাকে দেখতে এসে কেবিনের বাথরুমে পড়ে গিয়ে আঘাত পান। এরপর তাকে বারডেম হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার বড় ছেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ এর চেয়ারম্যান এনায়েতুর রহিম বাসায় নিয়ে যান। এছাড়াও হাসপাতালে অবস্থান করে আব্দুর রহিমের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন তার ছোট ছেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।