চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চলতি রোপা আমন মৌসুমে চিরিরবন্দ উপজেলার তেতুলিয়া, আব্দুলপুর ও কারেন্টেরহাট এলাকার বিক্ষিপ্ত ভাবে আমনক্ষেতে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট-বিএলবি (পাতাপোড়া) রোগের আক্রমণ হয়েছে।
কৃষি অফিস সূত্র জানায়, এ মৌসুমে প্রখর তাপমাত্রা এবং অতি বৃষ্টির কারণে কিছু কিছু স্থানে পানি জমে থাকায় বিএলবি রোগের আক্রমণ দেখা যাচ্ছে। তবে, উপজেলা কৃষি অফিসারের নির্দেশে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণের তৎপরতায় প্রতিটি ব্লকে পোস্টারিং, লিফলেট বিতরণ, আলোক ফাঁদ, সরাসরি কৃষক পরামর্শ ও ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে রোগটির ক্ষতির মাত্রা কমিয়ে আনা সম্ভব হয়েছে। অপর দিকে এ বছর কারেন্ট পোকার আক্রমণ প্রশমন হয়েছে এবং কৃষকদের সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। ইতি মধ্যে উপজেলার নশরতপুর হরিমন্দির এলাকার বাবু লাল, গোলক চন্দ্র, মাহাবুর, আজিবর, শশী মোহন, জগদিশ, জিতেন্দ্র, বিদ্যান চন্দ্র, যাদব চন্দ্র ও নুর নবীসহ অনেক কৃষকের আমনক্ষেতে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট-বিএলবি (পাতাপোড়া) রোগের উপদ্রব হওয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার তৎপরতায় উক্ত রোগের হাত থেকে ফসল রক্ষা করা সম্ভব হয়েছে।