সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রেনের চালক ও গার্ডকে মারপিট করার অভিযোগে জিআরপি পুলিশের এক কর্মকর্তা ও অপর কনষ্টোবলকে প্রত্যাহার করা হয়েছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার এএসআই মুজিবর রহমান ও কনস্টেবল আবুল কালামকে প্রত্যাহার করে নেন সৈয়দপুর জিআরপি পুলিশের পুলিশ সুপার সিদ্দিক তানজিনুর রহমান।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি কামাল হোসেন জানান, রবিবার সকালে সৈয়দপুর জিআরপি পুলিশ সুপার তাদের প্রত্যাহার করার আদেশ তিনি পেয়েছেন। প্রত্যাহার করার পুলিশদের সৈয়দপুরে রিপোর্ট করতে বলা হয়েছে।
উল্লেখ্য, শনিবার চাপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জ বাজার ষ্টেশনগামী ট্রেনটি সন্ধ্যার একটু আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ী মোহনপুর স্টেশনের মাঝামাঝি স্থানে পৌছলে জিআরপি পুলিশ একটি লাশ তোলার জন্য ট্রেনটি থামাতে বলে। এজন্য জিআরপি পুলিশকে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে বলা হয়। এ নিয়ে ট্রেনের স্টাফ ও জিআরপি পুলিশের মধ্যে কথাকাটাটির ঘটনা ঘটে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশটি ট্রেনে উঠানো হয়। রাত ৮টার দিকে ট্রেনটি সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে পৌছার পর ট্রেন থেকে নামার পরই অতর্কিত ভাবে জিআরপির ৬/৭জন পুলিশ ট্রেনের সহকারী চালক ও গার্ডকে কিল, ঘুষি ও লাথি মারে। এমনকি সহকারী চালককে লাশের উপর ফেলেও মারপিট করা হয়। আহত অবস্থায় উদ্ধারের পর তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ করা হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে চালকেরা রোববার ভোর রাত থেকে ট্রেন চলাচল শুরু করেন। এ ঘটনার জের ধরেই ২ পুলিশকে প্রত্যাহার করা হলো।