সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব-১২।
গ্রেফতারকৃতরা হলো পাবনা জেলার শালবাড়িয়া গ্রামের উজির হোসেনের ছেলে মতিউর রহমান ডাবলু (৩৫) ও একই গ্রামের আবুল হাসানের ছেলে সাজ্জাদ হোসেন খোকন (৩২)।
সোমবার দুপুর দেড়টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ফুড ভিলেজ প্লাসে র্যাব-১২ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
স্পেশাল কোম্পানি, র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এএসপি মো. হাসিবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গার থানার হাটিকুমরুলে অবস্থিত ফুড ভিলেজ প্লাসের দোতলায় অভিযান চালায় র্যাব-১২’র একটি দল।
এ সময় মতিউর রহমান (ডাবলু) সাজ্জাদ হোসেন খোকনকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ, পাবনাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ভাড়ায় গিয়ে হত্যা, চাঁদাবাজি, গুম ও অপহরণের একাধিক অভিযোগ রয়েছে।