সিসি নিউজ : সৈয়দপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের নাগরিকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গিকার নিয়ে আসন্ন পৌর নির্বাচনে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান সাংবাদিক ওমর ফারুক। নির্বাচনে নতুন মুখ হিসেবে এলাকায় আরো জনপ্রিয়তা পেতে তিনি দিনরাত জনসংযোগ করছেন।
সৈয়দপুর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও বানিয়াপাড়া আজিজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওমর ফারুক বলেন, ৯নং ওয়ার্ডে বিগত কয়েক বছরে দৃশ্যমান কোন উন্নয়ণ নেই। সংস্কার হয়নি রাস্তাঘাট। নিরসন হয়নি জলাবদ্ধতা। মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীর দৌরাত্ব কমেনি এ ওয়ার্ডে। রাতে সড়কগুলোর অধিকাংশ বৈদ্যুতিক খুঁটিতে বাতি জ্বলে না।
বানিয়াপাড়া যুব উন্নয়ণ সমবায় সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি, বানিয়াপাড়া বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ ওমর ফারুক উন্নয়ণ বিষয়ে সিসি নিউজকে বলেন, নির্বাচনে বিজয়ী হলে প্রথম কাজ হবে মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তোলা। ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা। আজিজ সড়কটি সংস্কার করা। সর্বোপরি নাগরিক সনদপত্র ও জন্ম নিবন্ধন নিয়ে সৃষ্ট জটিলতা দূর করে নাগরিকের দোড়গড়ায় পৌছে দিতে চাই।
হাতিখানা হিন্দুপাড়া বিবেকানন্দ যুব কল্যাণ সংঘের উপদেষ্টা ও হাতিখানা মসজিতের কার্যকরী পরিষদের সদস্য ফারুক বলেন, হাতিখানা ও মাছুয়াপাড়ায় পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করে সেখানকার জলাবদ্ধতা দূর করা হবে। উন্নয়ণ করা হবে হাতিখানা কবরস্থানটি।
এছাড়া ধর্মীয়, শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টি রাখার কথা বললেন এবারের জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত ও শিল্প সাহিত্য সংসদের সদস্য ওমর ফারুক।