ঢাকা: রাজধানীর উত্তরার একটি বাসায় নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের হামলায় তাইওয়ানের এক ব্যবসায়ী ও তার স্ত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৪/এ রোডের ৮ নম্বর চতুর্থ তলা বাড়ীর তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। ওই ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলায় তাদের অফিসকক্ষ।
আহতরা হলেন তাইওয়ানের নাগরিক ওয়াংলিচি (৬৮) ও তার স্ত্রী লিলিহুয়া (৬০)।তাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনায় পুলিশ জাহাঙ্গীর নামের একজনকে আটক করেছে। তিনি একসময় তাইওয়ানের ওই ব্যবসায়ীর কর্মচারী ছিলেন। পরে চাকরি ছেড়ে তিনি ওই কারখানায় কাঁচামাল সরবরাহের কাজ শুরু করেন।
তাইওয়ানের ওই দম্পতি প্লাস্টিকের দরজা তৈরির ব্যবসা করতেন। দরজা তৈরির জন্য জিং জিং ইয়ান স্টার ইন্টারন্যাশনাল নামে গাজীপুরের বড়বাড়ী এলাকায় তাদের কারখানা রয়েছে।
অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার চিন্ময় ভট্টাচার্য জানান, হকিস্টিক দিয়ে তাদের আঘাত করা হয়েছে। ওয়াংলিচি মাথায় আঘাত পেয়েছেন। তাকে ভেন্টিলেশনে অভজারবেশনে রাখা হয়েছে।
বৃহস্পতিবার ওই দম্পতি ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলেছিলেন বলে জানা গেছে। তবে হামলার ঘটনার পর থেকে ওই টাকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যায়।
কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) সমির হাসিব জানান, রাতে তিনজন লোক ওই ফ্লাটে প্রবেশ করে। এদের মধ্যে একজনের মুখোশ পরা ছিল। অন্যদুজন কারখানায় কন্ট্রাক্টে কাজ করা রাজু ও সাজু। তাদের চিনে ফেলায় ওই দম্পতির ওপর হামলা চালায় বলে রাতে তাকে ফোনে জানিয়েছিলেন লিলিহুয়া।
এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা তাইওয়ানে থাকেন। হামলার সংবাদ পেয়ে তারা বাংলাদেশে আসছেন বলেও জানান তিনি।
পুলিশের উত্তরা জোনের উপকমিশনার (ডিসি) বিধান ত্রিপুরা জানান, ‘ধারণা করা হচ্ছে লেনদেন সংক্রান্তের জেরে তাদের প্রতিষ্ঠানের কর্মচারীরা এ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনজন ওই ফ্লাটে ঢুকে এ হামলা চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
হামলার ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের হয়েছে।