চাঁদপুর প্রতিনিধি: পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার অভিযোগে এক সহকারী হল সুপারকে বহিস্কার করেছে কেন্দ্র সচিব। তিনি হলেন বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকদির হোসেন। রোববার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।
জানা যায়, জেএসসি’র গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের মাদ্রাসা ভেন্যুতে দায়িত্ব পালন করছিলেন তাকদির হোসেন। কিন্তু পরীক্ষা চলাকালীন শেষ সময়ে তিনি নিজ পরীক্ষা হলের রুম থেকে বেরিয়ে অন্য রুমে গিয়ে নিজের স্কুলের শিক্ষার্থীদের নৈর্ব্যক্তিক উত্তরপত্র বলতে থাকেন। এ সময় ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারের নজরে পড়লে তিনি হাতেনাতে ধরেন এবং সাথে সাথে কেন্দ্র সচিবকে মুকবুল আহমেদকে জানান। মুকবুল আহমেদ তাৎক্ষণিভাবে তাকদির হোসেনকে ওই পরীক্ষা কেন্দ্র থেকে প্রত্যাহার করে নেন।