সিসি নিউজ : অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য নির্বাচিত হতে চাই না- সৃষ্টিকর্তার কাছে এ কামনা করেন সৈয়দপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী জামিল উদ্দিন খান। এ ওয়ার্ডে অর্থবান ব্যাক্তি প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা দিয়ে অনেক কিছু কিনতে পাওয়া যায় কিন্তু ভোটারের মন কিনে নেয়া সম্ভব নয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৈয়দপুর পৌর কমিটির সাধারন সম্পাদক জামিল উদ্দিন খান। ইতিমধ্যে এলাকায় সহজ-সরল, নির্ভেজাল মানুষ হিসেবে তিনি পরিচিতি পেয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারের হাত ধরে এ রাজনীতিতে আসা এবং তার আদর্শ নিয়েই আমার পথচলা। নতুন মুখ হিসেবে এবারে ওই ওয়ার্ডের প্রার্থী হচ্ছেন তিনি। দলীয় ভাবে তিনি এ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করার মনোনয়ন পাবেন বলে তিনি শতভাগ আশাবাদী।
সিসি নিউজে দেয়া সাক্ষাতকারে তিনি এলাকার সমস্যা হিসেবে জানান, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার মতো প্রয়োজনীয় ডাষ্টবিন না থাকায় অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করছে এ ওয়ার্ডের মানুষ। ড্রেন আছে, হয়না সংস্কার। দখলের বাণিজ্য রয়েছে এ ওয়ার্ডে- যা বিভিন্ন সময়ে পত্রিকায় এর সচিত্র প্রতিবেদন চোখে পড়ে। বিদ্যুতের খুঁটি আছে, বিদ্যুত আছে কিন্তু নেই কোন বাতি।
নির্বাচিত হলে এ ওয়ার্ডে শিক্ষার পরিবেশ গড়ে তুলবো। নিশ্চিন্তে যাতায়াত করবে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা, বিচার-শালিসী বৈঠকে কোন পক্ষপাত থাকবে না, আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলবো। দলমত নির্বিশেষে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সেবা করে যাবো।