সিসি নিউজ : জাতীয় পাটি উন্নয়ণের রাজনীতিতে বিশ্বাসী। দেশের প্রভুত উন্নয়ণ জাতীয় পাটির শাসনামলে হয়েছে। দূর্ণীতি নয়- জাপার শীর্ষ নেতাদের দূরদর্শীতার কারণে দেশের অন্যান্য রাজনৈতিক দলের মতো সন্ত্রাসী- দূর্ণীতিবাজদের স্থান নেই এ দলে। তারাই জাতীয় পাটির রাজনীতির সাথে জড়িত আছে, যারা গঠনমূলক রাজনীতি করতে চায়, যাদের মধ্যে আছে দেশপ্রেম, যারা মানুষের কল্যাণে কাজ করে। আসন্ন পৌরসভা নির্বাচনে সৈয়দপুর পৌরসভার জাতীয় পার্টির সম্ভাব্য মেয়র প্রার্থী মো. জাকির হোসেন তালুকদার সিসি নিউজকে দেয়া সাক্ষাতকারে এ কথাগুলো বলেন।
১৯৬৫ সালে মাধ্যমিকের ছাত্রাবস্থায় তিনি ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। ১৯৬২ সালের হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বাতিলের লক্ষ্যে সারা দেশের ন্যায় সৈয়দপুরে জাকির তালুকদারের নেতৃত্বে ওই আন্দোলন গড়ে উঠে। তিনি জানান, এ আন্দোলনের সময় প্রয়াত সাংসদ আব্দুল আলিম ও অধ্যাপক মোসলেম উদ্দিনের হাত ধরে যোগদান করেন ছাত্রলীগের রাজনীতিতে। বাংলা হাই স্কুল মাঠে সৈয়দপুরে প্রথম শহীদ মিনার নির্মাণে অগ্রণী ভুমিকা ছিল জাকির তালুকদারের। আর সক্রিয়ভাবে রাজনীতি করার কারণে সংগঠনটির শীর্ষ নেতারা জাকিরকে ছাত্রলীগ সৈয়দপুর থানা শাখার সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করেন। ৭০ নির্বাচনের পর সৈয়দপুরের বাংলা হাই স্কুল মাঠে বঙ্গবন্ধর বিশাল জনসভার পুরো সঞ্চালকের দায়িত্ব পালন করেন তিনি।
মুক্তিযুদ্ধে শহীদ ডা. জিকরুল হক ও আব্দুর রউফ সাহেবের নানান স্মৃতিকথা স্মরণ করে জাকির তালুকদার অশ্রুসিক্ত কন্ঠে বলেন, খানসেনার হাতে আটক, কাঁঠাল গাছে বেঁধে নির্যাতন, সেনানিবাসে অমানবিক নির্যাতন- মোটকথা আমি যে বেঁচে আছি এটাই আমার কাছে এক আশ্চর্যের বিষয়।
স্বাধীনতার পর জাতীয় ছাত্রলীগের সৈয়দপুর থানা শাখার সাধারণ সম্পাদক ও পরবর্তীতে জাতীয় যুবলীগের সভাপতি নির্বাচিত হন জাকির তালুকদার। ১৯৮২ সালে জাতীয় যুব সংহতিতে যোগ দেন এবং উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক এবং বর্তমানে সৈয়দপুর পৌর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বিগত নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে জাকির বলেন, জাপার নেতাকর্মীরা দলের সিদ্ধান্তের বাইরে যায় না- যেতে পারে না। দলের যুগ্ম মহাসচিব আলহাজ্ব শওকত চৌধুরী এমপি সাহেবের উপস্থিতিতে নেতাকর্মীরা দলের স্বার্থে আমার প্রার্থী প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করায় আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করি। বিগত নির্বাচনে দলের জন্য ত্যাগ আর যোগ্যতার বিবেচনায় আমার শতভাগ বিশ্বাস দল এবারে আমাকে মনোনয়ন দেবে।
এক প্রশ্নের জবাবে জাকির তালুকদার সিসি নিউজকে বলেন, ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় বিগত চারটি বছর দলের সাংগঠনিক কাজে সময় দিতে পারিনি। আমার অনুপস্থিতিতে দলের সাংগঠনিক কাজে কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে- এজন্য দু:খ প্রকাশ করে তিনি বলেন, জাতীয় পাটির আদর্শ বাস্তবায়নে সাংগঠনিক কর্মকান্ড এখন থেকে অব্যহত থাকবে।
সৈয়দপুর পৌরবাসীর উদ্দেশ্যে জাকির হোসেন তালুকদার বলেন, নির্বাচিত হলে সৈয়দপুর শহরকে নতুন রুপে গড়তে চাই। নাগরিক সুবিধা নাগরিকের হাতে ফিরিয়ে দিতে চাই। উন্নয়ণ করতে চাই সকল ক্ষেত্রে।