ঢাকা: আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
শুক্রবার সন্ধ্যায় শাহবাগ প্রজন্ম চত্বরে পাকিস্তান থেকে বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে এক সমাবেশে এ দাবি জানান তিনি।
ইমরান এইচ সরকার বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানি সব কূটনীতিককে দেশ থেকে ফিরিয়ে না দিলে পাকিস্তান হাইকমিশন ঘেরাও করা হবে। সরকার এটি কার্যকর করতে ব্যর্থ হলে গণজাগরণ মঞ্চের কর্মীরা সব কূটনীতিককে ধরে পাকিস্তান পাঠানোর ব্যবস্থা করবে। এতে যদি সরকার কোনো বাধা দেয়, তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ইমরান বলেন, যারা আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্বকে অস্বীকার করে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না। মৌসুমী রহমানকে ফিরিয়ে দিয়ে পাকিস্তান প্রমাণ করেছে তারা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের তোয়াক্কা করে না। তারা কোনো কারণ ছাড়াই তাকে ফিরিয়ে দিয়েছে। সরকারেরও উচিত, তাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা।
তিনি আরো বলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী পাকিস্তানের প্রতিনিধি হিসেবে কাজ করছে। সরকারের উচিত, খুব শিগগিরই তাদের নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা।