ফুলবাড়ী ( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী জাতীয়করণসহ সকল বেতনভাতা ও পেনশন সুবিধা সরকারী রাজস্ব তহবিল থেকে প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ফুলবাড়ী পৌরসভার পৌর কর্মকতা-কর্মচারী সংসদের আয়োজনে ও মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১১টায় ফুলবাড়ী পৌরসভার প্রধান ফটকের সামনে ফেস্টুন-ব্যানার নিয়ে দাবী আদায়ের লক্ষ্যে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার সচিব মোঃ মাহাবুবুর রহমান। তিনি বলেন,দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীরা সরকারী তহবিল থেকে বেতনভাতা পেনশনসহ চাকুরী জাতীয়করণ করার দাবী জানিয়ে আসছে। সারা দেশে সরকারী সকল কর্মকর্তা-কর্মচারীরা সকল সুযোগ-সুবিধা সরকারীভাবে পেলেও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান যেমন পৌরসভা তারা কোন সুযোগ-সুবিধা পাচ্ছেনা। তাই আমাদের দাবী আদায়ের লক্ষ্যে আজ রাস্তায় নেমেছি। এ দাবী আদায় না হওয়া পর্যন্তু আমরা আন্দোলন করে যাবো। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সাংবিধানিক এ দায়িত্ব পালনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ন্যায়-নিষ্ঠার সাথে কাজ করছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও সহ-সাধারণ সম্পাদক শেখ সাহার আলী। এ সময় পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে বেলা ১২টায় ফুলবাড়ী সহকারী কমিশনার(ভূমি) মোঃ মহসীন মৃধার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি প্রদান করেন।