বরিশাল: বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে বরিশাল নগরীর পানেট পার্কে এ ঘটনা ঘটে। এ সময় সমাবেশ স্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বোমাটি দূর থেকে নিক্ষেপ করায় লক্ষ্যভ্রষ্ট হয়।
আওয়ামী লীগ নেতারা এ ঘটনার জন্য তাদের দলীয় প্রতিপক্ষকে দোষারোপ করেছেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আফজালুল করিম জানান, সভার শেষ মুহূর্তে প্রধান অতিথি সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ বক্তব্য শুরু করলে বাইরে থেকে তাকে লক্ষ্য করে পানেট পার্কেও ভেতরে তিনটি হাতবোমা নিক্ষেপ করা হয়। বাইরে থেকে নিক্ষেপ করায় বোমাগুলো সভার বাইরে পড়ে। এতে এমপিসহ নেতৃবৃন্দ প্রাণে রক্ষা পান।
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রস্তুতি সভার আয়োজন করে আজ। এ বোমা হামলার সময় সেখানে ছাত্রলীগ নেতা দাবিদার রইচ আহম্মেদ মান্না ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে।
বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ জানান, এই বোমা হামলার মধ্য দিয়ে পরিষ্কার বোঝা গেল, যারা এই বোমা হামলা চালিয়েছে তারা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সম্মেলন বানচাল করার পরিকল্পনা করছে। তাই বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রস্তুতি সভাটিও বানচাল করতে বোমা হামলার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিছে ওই পক্ষটি।
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. আওলাদ হোসেন বলেন, সভা চলাকালে পার্কের বাইরে থেকে কিছু একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন বোমা হামলা। তাই ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
একই সঙ্গে তিনিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সেখান থেকে ককটেল কিংবা এ ধরনের বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেত্রী, জাতীয় সংসদ বরিশাল-৫ আসনের সদস্য জেবুন্নেছা আফরোজ।
সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আফজালুল করিম। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাড. কে,বি,এস আহমেদ কবীর, অ্যাড. আনিছ উদ্দিন আহমেদ সহিদ প্রমুখ।
রাইজিংবিডি