ঢাকা: টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। ফলে ইংল্যান্ডের চেয়ে ১২৮ রানে এগিয়ে রয়েছে মুশফিক বাহিনী। এর আগে টাইগাররা নিজেদের প্র্রথম ইনিংসে ২২০ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ২৪৪ রান করতেই ইংলিশরা সব কয়টি উইকেট হারায়।
সিরিজ বাঁচাতে এ ম্যাচে মুশফিকদের জয়ের বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে সফরকারীরা। চট্টগ্রামে জয়ের কাছাকাছি গিয়েও টাইগাররা ২২ রানের হেরে যায়।
শুক্রবার প্রথম দিনের ৩ উইকেটে ৫০ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। বৃষ্টির কারণে ১১.৩ ওভার আগেই প্রথম দিন শেষ হওয়ায় আজ ৩০ মিনিট আগে সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হয়।
দ্বিতীয় দিনে মিরাজ নিজের দ্বিতীয় ওভারেই বোল্ড করে ফিরিয়ে দেন মঈন আলীকে (১০)। পরের ওভারে তাইজুল ইসলামের বলে বেন স্টোকস (০) ফিরে যান।তখন ৬৯ রানেই ৫ উইকেট নেই সফরকারীদের। এরপর ষষ্ঠ উইকেটে জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন জো রুট। তাদের ৪৫ রানের জুটি ভাঙেন মিরাজ। বেয়ারস্টো করেন (২৪) রানে ফিরে যাওয়া পর বেশি দূর যেতে পারেননি রুটও। রুট ৫৬ রানে তাইজুলের শিকার হন।
নবম উইকেটে ক্রিস ওকস ও আদিল রশিদ প্রতিরোধ গড়েন। তাদের জুটিতে ৯৯ রান আসে। ওকস ৪৬ রানে মিরাজের ষষ্ঠ শিকার হন। শেষ ব্যাটসম্যান স্টিফেন ফিন কোন রান যোগ করার আগেই তাইজুলের তৃতীয় শিকারে পরিণত হন। ফলে ২৪৪ রানে ইংলিশদের প্রথম ইনিংস থামে।
বাংলাদেশের হয়ে বল হাতে মেহেদি হাসান মিরাজ একাই নেন ৬ উইাকেট। এছাড়া তাইজুল ৩টি, সাকিব ১টি উইকেট নেন।
এর আগে, শুক্রবার সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। শুরুতে ইমরুল ১ রানে ফিরে গেলেও তামিম ইকবাল দারুণ ব্যাটিং করেন। তার সাথে যোগ্য সঙ্গী হন মুমিনুল হক। তাদের জুটিতে আসে ১৭০ রান। তামিম সেঞ্চুরি (১০৪) করে ফিরে গেলে তার পথ ধরেন মুমিনুলও (৬৫)। মূলত এর পরই বাংলাদেশের ব্যাটিং চিত্র পাল্টে যায়। শেষ ৪১ রান যোগ করতেই বাকি ৯ উইকেটের পতন হয়। ফলে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২২০ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।