খেলাধুলা ডেস্ক: ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে প্রথম সোনা জিতেছেন হীরা মনি। সোমবার ঢাকায় মাওলানা ভাসানী স্টেডিয়ামে মেয়েদের রিকার্ভ বোয়ের এককে হীরা ৬-৪ গেমে আজারবাইজানের ইয়ালাসুল রামোজামোভাকে হারিয়েছেন।
ঠাকুরগাঁওয়ের মেয়ে হীরার ক্যারিয়ারের এটিই প্রথম আন্তর্জাতিক কোনো পদক। আর প্রথম পদকটিই সোনা-তাই উচ্ছ্বসিত হীরা বলেন, ‘আমার খুবই ভালো লাগছে। দেশের জন্য একটা কিছু করতে পেরেছি, এতেই বেশি খুশি লাগছে।’
হীরা ২০১০ সালে বিকেএসপিতে আর্চারিতে সুযোগ পান। এরপর ২০১৩ সালের বাংলাদেশ গেমসে মিশ্র দলগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন হীরা। এ ছাড়া জাতীয় প্রতিযোগিতায় দলগত সোনা জিতেছিলেন। তবে এবারই প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন।
এদিকে দিনের পরের ইভেন্টে কম্পাউন্ড বোয়ে সোনালি হাসি হাসতে পারেননি বাংলাদেশের আরেক প্রতিযোগী বন্যা আক্তার। ইরাকের ফাতিমা আল মাসাদানির কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরেছেন সূক্ষ্ম ব্যবধানে। বন্যার স্কোর ছিল ১৩৩। সোনাজয়ী ফাতিমার ১৩৫।