খেলাধুলা ডেস্ক: প্রথমবারের মতো ভারতের মাঠে আগামী ৯ ফেব্রুয়ারি একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ঐতিহাসিক এ ম্যাচকে সামনে রেখে আজ বুধবার দুপুর ১টার দিকে টাইগারদের দল ঘোষণা করা হবে। এর আগে, বেলা ১১টায় দল এ বিষয়ে নির্বাচকদের সঙ্গে মিটিংয়ে বসবেন টাইগার কোচ হাথুরুসিংহে।
নিউজিল্যান্ড সফর খুব একটা ভালো কাটেনি মুশফিক বাহিনীর। তাই ভারতের মাটিতে প্রথম টেস্ট টাইগারদের জন্য বেশ চ্যালেঞ্জই বলা যায়। কিউইদের বিপক্ষে চোটে পড়ে আগেভাগেই দেশে ফেরেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক। ইতিমধ্যে তিনজনই অনুশীলনে ফিরলেও ঘোষণা হতে যাওয়া ভারত সফরের দলে ইমরুলের থাকা নিয়ে আছে সংশয়। একমাত্র টেস্টের দলে থাকার সম্ভাবনা কম পেসার মোস্তাফিজুর রহমানেরও।
জানা যায়, মুশফিক-মুমিনুলের চোট অনেকটা সেরে উঠলেও ইমরুলের খানিকটা জড়তা থেকে গেছে। ফলে আজ বাঁহাতি ওপেনারের সর্বশেষ অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা। এখন পর্যন্ত অবস্থার যা উন্নতি, তাতে হায়দরাবাদ টেস্টের আগেই ইমরুলের পুরো সুস্থ হয়ে ওঠার কথা। তবে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু দুই দিনের প্রস্তুতি ম্যাচের আগে কতটা সুস্থ হবেন, সংশয় সেটা নিয়ে। বাঁহাতি এই ওপেনার শেষ পর্যন্ত স্কোয়াডে না থাকলে ভারত সফরে সুযোগ পেতে পারেন বিসিএলে ডাবল সেঞ্চুরি করা লিটন দাস।
১৬ সদস্যের দলে পাঁচ পেসার থাকা মোটামুটি নিশ্চিত। তবে প্রস্তুতি ম্যাচের পর একজন চলে আসবেন দেশে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থাকা পেসারদের প্রায় সবাই থাকছেন এই তালিকায়। তবে সেখানে দলের সঙ্গে থাকা মোস্তাফিজুর রহমানের ভারত সফরে দলে না থাকার সম্ভাবনাই বেশি। কাঁধের চোট কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিয়ে নিয়ে খেললেও টেস্ট দলে রাখা হয়নি তাকে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, ‘মোস্তাফিজ এখনো পুরোপুরি ফিট নয়। বলতে পারেন ৭৫ শতাংশ ফিট। মার্চে শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত করা হচ্ছে তাকে।’