এন এন রানা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন- চোখের জলে যেমন নদী হয় না। তোরসা তেমন তিস্তার বিকল্প হয় না। তিস্তা আর্ন্তজাতিক নদী এর পানি উপর বাংলাদেশের ন্যায্য হিস্যা আছে। সুতরাং তিস্তার পানি দয়া-দাক্ষিণের ব্যাপার নয়। এটা বাংলাদেশের ন্যায্য অধিকার।
মঙ্গলবার বিকালে জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠ চত্তরে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির পলিট ব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, নুর আহম্মেদ বকুল, হবিবর রহমান, আব্দুল হক, অধ্যক্ষ তাজুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম, যুবমৈত্রী হুদা প্রমুখ।
রাশেদ খান মেনন আরও বলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিকল্প কোন জায়গায় স্থাপন করা যেতে পারে বলে ওয়ার্কার্স পার্টি মনে করে। তিনি দাবী করে বলেন তিস্তার পানি এদেশের মানুষের ন্যায্য অধিকার। তিস্তার পানি অভাবে উত্তরবঙ্গের অনেক জায়গা মরুভুমিতে পরিনত হচ্ছে। মমতার বিকল্প প্রস্তাবের সমালোচনায় তিনি বলেন তোরসা থেকে তিস্তার দুরত্ব প্রায় ১০০ কি.মি । তাই প্রশ্নই আসেনা তাঁর এধরনের উদ্ভট প্রস্তাব মেনে নেওয়ার। বাংলাদেশের পানি দরকার জনগন গংগার মত তিস্তার ন্যায্য অধিকার আদায় করে নিবে এটা শুধু সময়ের ব্যাপার মাত্র।