• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

এরশাদের সম্মিলিত জাতীয় জোটের আত্মপ্রকাশ

সিসি নিউজ: ৫৯টি রাজনৈতিক দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ)’র ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একই সাথে নিজেকে ইউনাইটেড ন্যাশনাল এলাইয়েন্স বা সম্মিলিত জাতীয় জোটেরও চেয়ারম্যান ঘোষণা করেন তিনি। তবে এই জোটে জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ছাড়া অন্যকোনো দলের নিবন্ধনই নেই।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের প্রধান মুখপাত্র হিসেবে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদারের নাম ঘোষণা করেন এরশাদ।

জোটের গুরুত্ব সম্পর্কে হুসেই মুহম্মদ এরশাদ বলেন, ‘আজ আমরা এখানে যারা আপনাদের সামনে উপস্থিত হয়েছি- রাজনৈতিক নীতি ও আদর্শের দিক থেকে- আমরা সবাই স্বাধীনতার চেতনা, ইসলামি মূল্যবোধ তথা সকল ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শের অনুসারি এবং ধারক ও বাহক। আমাদের অঙ্গীকার আছে- এই জোটে কোনো স্বাধীনতা বিরোধী শক্তির জায়গা হবে না।’

এরশাদ আরও বলেন, ‘বর্তমানে সংসদীয় গণতান্ত্রিক বিশ্বে জোটগত রাজনৈতিক প্রবণতা বিরাজ করছে। আমাদের দেশেও এই ধারা অব্যাহত আছে। আমরাও এই প্রবণতার বাইরে নই। জোটের রাজনীতির মাধ্যমে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ স্থাপনের সুযোগ থাকে। যা সংঘাতের রাজনীতির বিপরীতে সম্প্রীতির রাজনীতি প্রবর্তন করতে পারে।’

এরশাদ বলেন, ‘প্রথম পর্যায়ে ২টি রাজনৈতিক দল এবং ২টি জোট এই ৪ শরিক নিয়ে আমরা বৃহত্তর একটি জোট গঠন করেছি। আরও ২টি নিবন্ধিত দলের সাথে আমাদের কয়েক দফা কথা হয়েছে। তারাও আমাদের প্রাথমিক আলোচনায় আসার সিদ্ধান্তের কথা জানিয়েছে। তাদের সুবিধামতো আলোচনা করে সিদ্ধান্ত জানালে আমাদের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান, জাতীয় ইসলামি মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, বাংলাদেশ জাতীয় জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের প্রমুখ।

জাতীয় ইসলামী মহাজোটে আছে ৩৫টি অনিবন্ধিত রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয় জোটে আছে ২২টি অনিবন্ধিত দল, জাতীয় পার্টি এবং ইসলামীক ফ্রন্ট মিলে মোট ৫৯টি দল নিয়ে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটলো।

এই জোটে যুক্তফ্রন্ট নামের একটি ১৫ দলীয় জোটের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত দলের নেতা-কর্মীদের আপত্তির মুখে তাদের নাম প্রত্যাহার করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ