• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |

খাটের খুঁটিতে বেঁধে গৃহবধূকে নির্যাতন

ঠাকুরগাঁও, ০৪ নভেম্বর: ঠাকুরগাঁওয়ে আঞ্জুয়ারা বেগম (৩১) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে খাটের খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি এ অভিযোগ করেন। ওই গৃহবধূ ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর হাজীপাড়া এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী।

নির্যাতিত আঞ্জুয়ারা বেগম জানান, গত বছরের অক্টোবর মাসে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মো. জবান আলীর ছেলে আব্দুস সাত্তারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায় সময় স্বামীসহ তার পরিবারের লোকজনেরা আঞ্জুয়ারাকে মারপিট করতো।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্বামীর সঙ্গে বাকবিতণ্ডা হয় আঞ্জুয়ারার। সে সময় তার স্বামী আব্দুস সাত্তার, শ্বশুর জবান আলী, শ্বাশুরী সবুরা বেগমসহ ওই পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ করে বাঁশের লাঠি দিয়ে আঞ্জুয়ারাকে খাটের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করে।

পরে খবর পেয়ে আঞ্জুয়ারার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই গৃহবধূ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

নির্যাতনের ব্যাপারে জানতে অভিযুক্ত স্বামী আব্দুস সাত্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক শুভেন্দু কুমার দেবনাথ বলেন, ‘আঞ্জুয়ারা বেগমের ডান হাত ভেঙে দেয়া হয়েছে এবং মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে।’

রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, ‘গৃহবধূকে মারপিটের ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ