সিসি নিউজ ডেস্ক।। রাজনৈতিক পট পরিবর্তনে ফেডারেশনগুলোতে সংস্কারের দাবী জোরালো হয়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন খেলার খেলোয়াড়-সংগঠকরা বর্তমান কমিটি ভেঙে দেওয়ার দাবী তুলছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাইরে সেই ফেডারেশনগুলোর মধ্যে থেকে প্রথম পদত্যাগের ঘটনা ঘটেছে অ্যাথলেটিকস ফেডারেশন। সাধারণ সম্পাদক আব্দুর রকিব আজ বুধবার বিদেশ থেকে মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোয়নপ্রত্যাশী রকিব অ্যাথলেটিকসেও সমালোচিত ছিলেন। সবশেষ অলিম্পিকে বাজে পারফম্যান্সের পর স্প্রিন্টার ইমরানুর রহমান জানিয়েছিলেন সাধারণ সম্পাদকের পরামর্শেই তিনি চোট লুকিয়ে খেলেছেন। রকিব জাতীয় ক্রীড়া পরিষদ সচিব ছাড়াও পদত্যাগ পত্র দিয়েছেন ফেডারেশনের সভাপতি তোফাজ্জল হোসে মিয়ার কাছে। প্রধাণমন্ত্রীর সাবেক মুখ্য সচিব চাকরি হারিয়ে নিজেও অবশ্য এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন।
ফেডারেশনের কমিটিগুলোতে ক্রীড়া পরিষদ এখনো হাত না দিলেও আজ যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ভেঙে দিয়েছে দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি। যোগ্যদের নিয়ে অ্যাডহক কমিটি করতে বলা হয়েছে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে। উৎস: কালের কন্ঠ