সিসি নিউজ।। নীলফামারীতে তারুণ্যের উৎসব উপলক্ষে সেপাক-টাকরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার থেকে দিনব্যাপী জেলা শহরের বড় মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে তারুন্যের উৎসবের একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সেপাক-টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী। বিশেষ অতিথির বক্তৃতা দেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আবুল হাসেম।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আবুল হাসেম জানান, দিনব্যাপী প্রতিযোগিতায় জেলার ছয়টি উপজেলার একটি করে বালক ও একটি করে বালিকাসহ ১২টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় বালক দলে সৈয়দপুর উপজেলা দল চ্যম্পিয়ন এবং সদর উপজেলা দল রানার্স আপ হয়। অপরদিকে বালিকা দলে সদর উপজেলা দল চ্যাম্পিয়ন এবং সৈয়দপুর উপজেলা দল রানার্স আপ হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ সেপাক-টাকরো ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া দপ্তর প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা ও ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।