• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |

বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সিসি নিউজ।। দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর নবম আসর শুরু হয়েছে। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল তিনটায় পার্বতীপুর উপজেলার এক নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে ওই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক (অবঃ) জালাল উদ্দিন আহমেদ, চার নম্বর পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অহিদুল হক সরদার, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকরাম হোসেন (মাস্টার), এক নম্বর বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি আলহাজ্ব মো. হানিফ উদ্দীন প্রামানিক।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নীলফামারীর সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার বনাম সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়ংস্টার ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। এতে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার ১-০ গোলে সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়ংস্টার ক্লাব পরাজিত করে। উদ্বোধনী খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারের গোলদাতা মো. মোবারক।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন পাবনার তুষার সরকার। আর সহকারী রেফারী ছিলেন ফজলুল হক, জসিম ও সুশান্ত।পুরো উদ্বোধনী খেলায় ধারাভাষ্য বর্ণনায় ছিলেন,পার্বতীপুরের স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান এবং দিনাজপুরের বীরগঞ্জের বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সাবেক সভাপতি একেএম খুরশীদ আলম মজনু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বাবর আলী বাবর, কোষাধ্যক্ষ কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, সদস্য শাহজাহান আলী সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উদ্বোধনী খেলায় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। আগামী শুক্রবার (২ জানুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে। এতে রাজবাড়ী সূর্য সেনা ক্লাব বনাম সৈয়দপুর ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে।
উল্লেখ্য, দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৫-২০২৬ এর নবম আসরে মোট ৮টি দল অংশ গ্রহণ করছে। নকআউট ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহনকারী ফুটবল দলগুলো হচ্ছে, সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার, সিরাজগঞ্জ সবুজ সংঘ স্টার ক্লাব, কুষ্টিয়া পোড়াদহ ওয়ান্ডারর্স ক্লাব, রাজবাড়ী সূর্য সেনা ক্লাব, সৈয়দপুর ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গা ফাইদা এগ্রো এন্ড মন্ডল স্পোর্টস, ঠাকুরগাঁও এসআরএফসি এবং নীলফামারী খান ব্রাদার্স। আগামী ৩০ জানুয়ারি ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে বলে আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ