
খেলাধুলা ডেস্ক : শ্রীলঙ্কার ক্রিকেট লিজেন্ড কুমার সাঙ্গাকারা ব্রিটেনে শ্রীলঙ্কার হাইকমিশনার হিসেবে কাজ করার প্রস্তাব পেয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সোমবার সকালে এই ঘোষণা দেন।
তবে কুমার সাঙ্গাকারা এই প্রস্তাবের কথা শুনে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেললেন ভারতের বিপক্ষে। এই টেস্টে শ্রীলঙ্কা ২৭৮ রানে হেরে যায়।
তবে আজই কলম্বোর নারা ভালে স্টেডিয়ামে সাঙ্গাকারার বিদায় অনুষ্ঠান হয়। খেলা শেষে তার বিদায় অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এক আবেগঘন বক্তৃতা দেন কুমার সাঙ্গাকারা। তিনি সাংবাদিকদের কাছে বলেছেন, ‘হাইকমিশনার হবার যে প্রস্তাব প্রেসিডেন্ট দিয়েছেন, তা শুনে আমি খুবই অবাক হয়েছি। এ বিষয়ে তার সঙ্গে আলোচনা করতে হবে।’
সম্প্রতি সাঙ্গাকারা নিজেই জানিয়েছিলেন এ বছরের গোড়ায় বিশ্বকাপের পরই তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু নির্বাচকদের অনুরোধে আরো কয়েকটা টেস্ট খেলতে রাজি হন তিনি।
মাস কয়েক আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টেস্টে ১২,০০০ রান পূর্ণ করেন কুমার সাঙ্গাকারা, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম।
টেস্ট, ওয়ানডে আর টি-২০ এই তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সাঙ্গাকারার মোট রানের সংগ্রহ প্রায় ২৭,০০০, শচীন টেন্ডুলকারের ঠিক পরেই।