খেলাধুলা ডেস্ক: প্রথমে মনে করা হয়েছিল আঘাত ততটা গুরুতর নয়; কিন্তু হাসপাতালে পাঠিয়ে পরীক্ষা-নীরিক্ষার পরই জানা গেল, কতটা গুরুতর আঘাত পেয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন ক্ষুদে যাদুকর লিওনেল মেসি। পরীক্ষার পর বার্সার তরফে জানানো হচ্ছে, আগামী সাত কিংবা আট সপ্তাহের জন্য আর মাঠে নামা হচ্ছে না মেসির।
ন্যু ক্যাম্পে লাস পালমাসের বিপক্ষে খেলতে গিয়েছিলেন লিওনেল মেসি। শুরুটাও করেছিলেন দুর্দান্ত। তবে খেলার ৬ কিংবা সাত মিনিটের মাথায় বাম পাশ দিয়ে বল নিয়ে ঢুকে বাম পায়ের শট নেন মেসি। কিন্তু তার আগেই পা বসিয়ে দেন পাবলো বিগাস। ওই সময়ই হাঁটুতে আঘাত পান মেসি।
তারপরও খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন মেসি। কয়েক মিনিট খেলেছেনও। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। খেলার ১০ মিনিট যেতে না যেতেই কোচ এনরিকেকে মেসি জানান খেলতে পারবেন না বলে। তখনই মুনির এল হাদ্দাদিকে মাঠে নামিয়ে মেসিকে তুলে ফেলেন কোচ।
এরপরই মাঠ থেকে সোজা হাসপাতালে পাঠিয়ে দেয়া হলো তাকে। সেখানে পরীক্ষা করার পর জানা গেল, হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে। ফলে আগামী সাত থেকে আট সপ্তাহ মাঠে নামতে পারবেন না মেসি। শুধু তাই নয়, আগামী ২১ নভেম্বর মৌসুমের এল ক্ল্যাসিকোও খেলতে পারবেন না মেসি।