খেলাধুলা ডেস্ক: ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে রোববার টসে হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ৬ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের! ভারতের পেসার বরুণ অ্যারোনের তোপে টপ অর্ডাররা ফ্লপ।
এরপরই নাটকীয় পরিবর্তন। সাব্বির রহমান একাই বাংলাদেশের ইনিংসকে টেনে নেন। ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন সীমিত ওভারের স্পেশালিস্ট এই ব্যাটসম্যান। ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচের প্রথম দিনে শুধু সেঞ্চুরি করেই থামেননি সাব্বির। তার অপরাজিত ১২২ রানে ভর করে সবকটি উইকেট হারিয়ে ২২৮ রান করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে মাত্র এক উইকেট হারিয়ে ৬৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ভারত ‘এ’ দল।
সাব্বিরের সঙ্গে পঞ্চম উইকেটে ৪৪ রান যোগ করেন নাসির হোসেন। ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ে রানের চাকা সচল রাখেন সাব্বির ও শুভাগত। দুজন ১৩২ রান যোগ করেন। শুভাগত হোম অর্ধশত রান তুলে নিয়ে ৬২ রানে সাজঘরে ফিরে গেলে সাব্বির তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন ১১৫ বলে। ১২২ রানের ব্যক্তিগত ইনিংসটি সাজাতে ২৩ টি চার ও ১টি ছক্কা হাকান তিনি।
এর আগে ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ ‘এ’ দল। মাত্র ৬ রান তুলতেই ৪ উইকেট হারায় মুমিনুল হকের দল।
স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই সাজঘরের পথ ধরেন সৌম্য সরকার। ডানহাতি পেসার বরুণ অ্যারোনের বলে উইকেটরক্ষক নোমান ওঝার হাতে ক্যাচ দেন ব্যর্থতার বৃত্তে থাকা সৌম্য। একই ওভারের শেষ বলে অধিনায়ক মুমিনুল হককে একই ভাবে আউট করেন অ্যারোন।
তৃতীয় ওভারে ওপেনার এনামুল হকের উইকেট তুলে নেন ঈশ্বর পান্ডে। ষষ্ঠ ওভারে সফরকারী শিবিরে আবারো আঘাত করেন অ্যারোন। ফর্মে থাকা লিটন কুমার দাস রানের খাতা খোলার আগে সাজঘরের ফিরে যান।
পঞ্চম উইকেটে জুটি বাধেন নাসির হোসেন ও সাব্বির রহমান রুম্মান। দলের স্কোরকে ৫০ এ নিয়ে যান এই দুই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি তাদের জুটি। অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে আসেন নাসির। ২৮ বলে ৭ বাউন্ডারিতে ৩২ রান করে মিঠুনের শিকার হন নাসির।
ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ে তুলেন সাব্বির রহমান ও শুভাগত হোম। দুজন স্বাভাবিক ব্যাটিং করে রানের চাকা সচল রাখার পাশাপাশি ভারতীয় বোলারদের বেশ দাপটের সঙ্গে হ্যান্ডেল করেন। তবে ১৮২ রানে বরুণ অ্যারোনের চতুর্থ শিকারে পরিণত হতে হয় শুভাগতকে। ৯৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬২ রান করেন ময়মনসিংহের এই ব্যাটসম্যান।
শুভাগত হোমের আউটের পর বাংলাদেশ এ দলের আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। শফিউল, রুবেল, জুবায়েররা সাজঘরে ফিরেছেন শূন্য রানেই। তাদের আগে ক্রিজে নেমে মাত্র ৪ রান করে আউট হয়েছেন সাকলাইন সজীবও।
ভারত ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ চারটি করে উইকেট নিয়েছেন বরুন অ্যারোন এবং জয়ন্ত যাদব। আর একটি করে উইকেট নেন ঈশ্বর পান্ডে এবং অভিমুন্য মিঠুন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুট দুর্দান্ত করে ভারত ‘এ’দল। শিখর ধাওয়ান ও অভিনব মুকুন্দ ওপেনিং জুটিতে করেন ১৫৩ রান। মুকুন্দ ৩৪ রানে শুভাগত হোমের বলে আউট হলেও ১১৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন ধাওয়ান। তার সঙ্গে ৬ রান করে অপরাজিত রয়েছেন শ্রেয়াস। প্রথম দিনের প্রথম ইনিংসে ৩৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬১ রান করে ধাওয়ানের দল। ফলে প্রথম দিনে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা।
ব্যাঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হয়েছে। এর আগে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এছাড়া মাইসোরে কর্ণটকের বিপক্ষে একটি তিনদিনের ম্যাচে চার উইকেটে পরাজিত হয় সফরকারীরা।