ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, সব জায়গায় দলীয়করণ করলেও শিক্ষাক্ষেত্রে দলীয়করণ করবেন না। শিক্ষকরা কারো প্রতিদ্বন্দ্বী নয়।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত ‘সমাজ বদলে শিক্ষক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমাজউদ্দীন বলেন, তার কথাবার্তা উল্লেখ করতে লজ্জা লাগে। যা শিখেছেন তা তো শিক্ষকদের কাছেই। জাতিকে অগ্রগতি করতে শিক্ষকদের অগ্রগতির বিকল্প নেই।
আজ ২১ শতকে এসেও বাংলাদেশে সাক্ষরতার হার ৬১ শতাংশ, বাকি ৩৯ শতাংশই নিরক্ষর। অথচ পার্শবর্তী দেশ শৃলঙ্কায় সাক্ষরতার হার শতভাগ।
দুইজন বিদেশিকে হত্যা প্রসঙ্গে তিনি বলেন, এদেশে কোনো তালেবান নেই। রেডিমেট উত্তর তৈরি হয়েছে। যা কিছু ঘটে বিএনপি-জামায়াত করে। এটা ঠিক নয়।
এসময় তিনি বাংলাদেশ শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান সেলিম ভূইয়ার মুক্তির দাবি করেন।
সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ফরিদপুরের শিক্ষক জোটের আহ্বায়ক সেলিম মিয়া, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির মহাসচিব আসাদুজ্জামান আকাশ প্রমুখ।