সিসি নিউজ : দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় থাকার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
রোববার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সঙ্গে বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ কথা জানান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বৈঠক হয়।
মোহাম্মদ নাসিম বলেন, আমাদের সব জায়গায় নির্দেশ দেওয়া আছে। সব এমপি, স্থানীয় নেতৃবৃন্দ, ১৪ দলের নেতারা যেন সবাই এই উৎসবের পাঁচটা দিন নিজ নিজ এলাকায় দুর্গাপূজা উৎসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করেন।
কোন নেতারা নিজ এলাকায় উপস্থিত থাকবেন, এ ব্যাপারে ১৪ দলের পক্ষ থেকে নির্দেশনা থাকবে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মুখপাত্র আরো বলেন, ‘আগের মতোই নিছিদ্র নিরাপত্তা দিয়ে এবারের দুর্গাপূজার উৎসব নির্বিঘœ করতে সহযোগিতা করুন।’
‘আমরা সবসময় মনে করি, আমাদের দেশে বড় উৎসবগুলো মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবার কাছে আনন্দের ব্যাপার। এটা সবাই যেন ভালোভাবে করতে পারে, তা সবসময় চেয়েছি। এখনো চাই’, বলেন মোহাম্মদ নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, ‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটি অশুভ মহল এবারও চেষ্টা করছে। যখন চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হওয়ার পথে রয়েছে, তখন একটি মহল অপচেষ্টা চালাচ্ছে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য। ১৪ দলের আস্থা আছে, বিশ্বাস আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান প্রশাসন অতীতের মতো এই ধরনের অশুভ চক্রান্তের যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে পারবে। এ ব্যাপারে আমরা সবাই একসঙ্গে কাজ করছি।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দুর্গাপূজায় রাজধানীসহ সারা দেশে ১৪ দলের নেতারা বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করবেন।
এ সময় ১৪ দলের পক্ষে হিন্দু ধর্ম্বাবলম্বীদের অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানান মোহাম্মদ নাসিম। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিম ভৌমিক, সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেবনাথ প্রমুখ