বিদেশী হত্যায় সোহেলকে জড়িয়ে সংবাদ প্রকাশে নিন্দা
সিসি নিউজ: সম্প্রতি দেশে দুজন বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে জাড়িয়ে দুটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও মনগড়া অভিহিত করে শনিবার বিবৃতি দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।
স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চু স্বাক্ষরিত ওই বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ‘হাবিব উন নবী খান সোহেল প্রাক্তন মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা। তিনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন এবং এর চর্চা করেন। তিনি বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’
তারা বলেন, ‘ভোটারবিহীন নির্বাচনী প্রহসনের মাধ্যমে ক্ষমতা দখলকারী বর্তমান সরকারের বিরুদ্ধে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করছেন বলেই সরকারের একটি মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য অপপ্রচার চালাচ্ছে।’
বিবৃতিতে সোহেলের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ এবং ভবিষ্যতে কোনো কাল্পনিক, বানোয়াট খবর প্রকাশ না করতে গণমাধ্যম সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।








