• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

মানুষ এরপর আর নির্বাচনের কথা শুনতে চাইবে না: বিএনপি

নজরুলঢাকা: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরিস্থিতির আরো অবনতি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার ৭০৩ ইউপির ভোটের পর ঢাকায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আধ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘নির্বাচনের নামে যা ঘটছে তাতে মানুষ নির্বাচন শব্দটা আর বেশি সম্মানের সঙ্গে নেবে না। নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, তার যথাযোগ্য পরিচিতি হারিয়ে ফেলে, নির্বাচনে এখন যা ঘটছে তাতে নির্বাচনের পদবঞ্চনা হয়; তাহলে মানুষ নির্বাচনের কথা এরপর শুনতে চাইবে না।’

নজরুল ইসলাম খান বলেন, প্রথম দফা থেকে চার ধাপের ভোট পর্যন্ত নানা অভিযোগ দেয়ার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং অবনতি হয়েছে।

‘সেই কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন, জোরজবরদস্তি করে ফল নিজেদের পক্ষে আনা- সবাই অব্যাহত রয়েছে। সিইসিকে আমরা বরাবরের মতো একই কথা বলে এসেছি। কিন্তু দুঃখের বিষয়, সিইসির আশ্বাসের পর পরিস্থিতির উন্নতি হয়নি। ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে।’

সঠিক নির্বাচনী ব্যবস্থা’ ও গণতন্ত্রকে টিকিয়ে রাখতে বিএনপি কাজ করে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন ও গণতন্ত্রকে গ্রহণযোগ্য রাখতে আমরা কাজ করে যাচ্ছি। যাতে মানুষ গণতন্ত্র ও নির্বাচনের বিষয়ে আস্থা স্থাপন করতে পারে। চার ধাপের ভোটের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত দলীয়ভাবে হবে।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইমরান সালেহ প্রিন্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ