খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র এক বছর পার করলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তবে এর মধ্যেই ক্রিকেট দুনিয়ায় সবার নজর কেড়েছেন মুস্তাফিজ। পাশাপাশি পারফর্ম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন আইপিএল, ইংলিশ কাউন্টি লিগ, পিএসএল, বিগ ব্যাশের মতো লিগে।
এদিকে প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে মাঠ মাতাচ্ছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলা মুস্তাফিজ ইতিমধ্যে নিজের বিধ্বংসী ‘কাটার’ দিয়ে ব্যাটসম্যানদের আউট করছেন। আইপিএলে ইতিমধ্যে ১২ ম্যাচে ৬.৬৬ ইকোনমি রেটে ১৪ উইকেট নিয়ে শীর্ষ দশ বোলারের ভেতর রয়েছেন ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ।
আইপিএলের পরেই ইংলিশ কাউন্টি লিগের সাসেক্সের হয়ে খেলার কথা রয়েছে এই টাইগার পেসার। তবে বিসিবি’র দোলাচলে এখনও ইংল্যান্ডে যাওয়া নিশ্চিত নয় মুস্তাফিজের। এদিকে অল্প সময়ের জন্যে হলেও মুস্তাফিজকে সাসেক্সে চাইছেন দলটির অধিনায়ক লুক রাইট।
ইংলিশ দৈনিক পত্রিকায় সাক্ষাতকারে লুক রাইট বলেন, ‘ফিজ অবশ্যই আসবে। কিন্তু আমরা শুধু নিশ্চিত করতে চাচ্ছি কয়টি ম্যাচের জন্য সে খেলতে আসবে। আমরা বুঝতে পারছি সে এখনো তরুণ, যে কিনা অনেকদিন ধরেই বাংলাদেশের বাইরের পরিবেশে রয়েছে। এমনকি সে আমাদের ভাষাতে কথা বলতে পারে না। সে অনেকগুলো ম্যাচ খেলেছে অল্প সময়ে তাই আমরা তাকে বিশ্রাম দিতে চাচ্ছি, যাতে করে তার সেরাটা সে আমাদের জন্য দিতে পারে।’
সাসেক্সের হয়ে প্রথম দু’ম্যাচ মিস করবেন মুস্তাফিজ সেটা আগে থেকে অনুমেয় ছিল। লুক রাইট বলেন, ‘আমরা জানতাম সে প্রথম দু’টি ম্যাচ খেলতে পারবেনা। এখন দেখার বিষয় সে পরবর্তী ম্যাচগুলো খেলতে পারে কি না। অবশ্যই আমরা তাকে সম্ভাব্য বেশি ম্যাচে খেলাতে চাই।’