সিসি ডেস্ক: আবার বিএনপিতে ফিরছেন সমশের মবিন চৌধুরী। বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। শিগগির দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে সাবেক এই কূটনীতিক বিএনপিতে ফিরবেন। তাকে দলে ফিরিয়ে নিতে ইতিমধ্যে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে ‘গ্রিন সিগন্যাল’ নিয়েছেন সমশের মবিনের শুভাকাঙ্ক্ষী বিএনপির কয়েকজন নেতা। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
অসুস্থতার কারণ দেখিয়ে গত বছরের ২৯ অক্টোবর বিএনপির সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেন সমশের মবিন চৌধুরী। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে লেখা পদত্যাগপত্র তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জমা দিয়েছিলেন তিনি। বিএনপির পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হলেও পরে সংবাদ সম্মেলন করে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান সমশের মবিন। একইসঙ্গে রাজনীতি থেকেও অবসর নেওয়ার ঘোষণা দেন তিনি। তখন গণমাধ্যমকে বিএনপিতে জিয়াউর রহমানের আদর্শ কতটুকু আছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
অবশ্য তখন বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, বিএনপিকে দুর্বল করতে সরকারের চাপের মুখে সমশের মবিন দল থেকে পদত্যাগ করেন। তবে দলের ভেতরের খবর ছিল, সমশের মবিন চৌধুরী বিএনপি নেতৃত্বের ওপর ক্ষুব্ধ ও হতাশ ছিলেন। বিশেষ করে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না বলেও গুঞ্জন ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের সঙ্গে তার টেলিফোনে কথোপকথন ফাঁস হওয়ার পর তার ইঙ্গিত পাওয়া যায়।
সূত্র জানায়, বিএনপি মহাসচিবের মাধ্যমে চেয়ারপারসন বরাবর দেওয়া সমশের মবিনের সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তখনই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও কয়েকজন সিনিয়র নেতা সমশের মবিন চৌধুরীকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানিয়ে ছিলেন। অবশ্য সমশের মবিন তাতে রাজি হননি। তারপরও বিষয়টি বিবেচনা করতে তাকে অনুরোধ জানানো হয়। অবশেষে বরফ গলেছে। সমশের মবিন বিএনপিতে ফিরে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। বিএনপিতে তার যোগদান এখন সময়ের ব্যাপার।