ঢাকা: জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকরা। এছাড়া দলটিকে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ারও প্রস্তাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের বৈঠকে এ আহ্বান জানানো হয়।
জাতীয় ঐক্যের আহ্বানকে কার্যকর করতে বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।
বৈঠক শেষে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক বলেন, “আমি তাকে (খালেদা জিয়া) জামায়াত ছাড়ার কথা বলেছি। এর বাইরে বৈঠকের বিষয়ে আমি কিছু বলতে চাই না।”
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বরেন, “আমি বলেছি, জামায়াতকে তাদের পিতৃপুরুষেরা যে অন্যায় করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তার জন্য তাদেরকে আবার ক্ষমা চাইতে হবে।”
তিনি বলেন, “বর্তমানে যারা আছে জামায়াতে, আমার পরামর্শ হলো-তাদের দলীয়ভাবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তারা যে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বিশ্বাস করে সেটা পুনরায় উল্লেখ করবে এবং মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করবে।”
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া সাংবাদিক ও বিশিষ্টজনদের মধ্যে রুহুল আলম চৌধুরী, রাজিয়া আক্তার বানু, মোস্তাহিদুর রহমান, আমজাদ হোসেন, গাজী মাযহারুর আনোয়ার, মহিউদ্দিন আলমগীর (সম্পাদক দৈনিক নয়াদিগন্ত), এ জেড এম তাহমিনা, আমির খসরু, আবুল আসাদ (সম্পাদক দৈনিক সংগ্রাম), ড. সদরুল আমিন, ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, ড. বোরহান উদ্দিন খান, আ ফ ম ইউসুফ হায়দার, আ ন হ আকতার হোসেন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আনোয়ারুন-নবী বাবলা, কৃষিবিদ হাসান জাফরি তুহিন, শওকত মাহমুদ, গাজী রুহুল আমিন, এ এস এম আবদুল হালিম, সুজাউদ্দিন আহমেদ, আবদুল কাইয়ুম, খন্দকার মাহবুব হোসেন, সানাউল্লাহ মিয়া, বোরহান উদ্দিন, ড. মামুন আহমেদ, ড. ওবায়েদ, আবদুল আউয়াল মিন্টু, সাবিহ উদ্দিন আহমেদ, আমির খসরুর মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এই বৈঠকের আগে গত বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন প্রথমে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এবং পরে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন।