ঢাকা: খালেদা জিয়ার ডাকে আলোচনায় গেলেও জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো উদ্যোগে শামিল হবেন না বলে জানিয়ে এসেছেন কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রেও তিনি জড়িত হবেন না, বরং আঁচ পেলে তা ঠেকাবেন তিনি। সরকারের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর জঙ্গিবাদ মোকাবেলায় ‘জাতীয় ঐক্য’ গড়ে তোলার প্রয়াসে সরকারবিরোধী অন্য দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। গুলশানে খালেদার বাড়ি ‘ফিরোজা’য় রাত ৮টা থেকে দুই ঘণ্টা আলোচনা করেন আওয়ামী লীগ ও বিএনপি জোটের বাইরে থাকা দলটির এই নেতা। বের হওয়ার পরা কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘তার (খালেদা জিয়া) বহু কথায় আমি খুশি হয়েছি। মতের অমিল থাকলেও খুশি হয়েছি। জাতীয় প্রশ্নে, জাতির স্বার্থের প্রশ্নের তার সঙ্গে আমার খুব একটা বেশি অমিল নেই।আমি জামায়াতের সঙ্গে রাজনীতি করব না। বঙ্গবন্ধুর রাজনীতি নিয়ে আমি মরতে চাই।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র অথবা তাকে ধবংস করার ষড়যন্ত্রে আমি জড়িত হব না। যদি সে সমস্ত ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারি, তাহলে জীবন দিয়ে তা রোধ করব। তাকে রক্ষা করার চেষ্টা করব।’ তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে আলোচনার বিষয়বস্তু ও ভবিষ্যতে নিজের দলের করণীয় জানাতে শুক্রবার সকাল সাড়ে ১১টায় মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি।