সিসি নিউজ: নির্বাচন কমিশনে বিগত বছরের (২০১৫ সাল) আয়-ব্যয়ের হিসাব দিয়েছে আওয়ামী লীগ। গত বছর বিভিন্ন খাত থেকে মোট ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা আয় করেছে দলটি। পাশাপাশি একই সময়ে বিভিন্ন খাতে ব্যয় হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা।
আজ মঙ্গলবার (১৬ আগষ্ট) আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান ও দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ নির্বাচন কমিশনে দলের হিসাব বিবরণী জমা দেন।
নির্বাচন কমিশনে দেওয়া হিসাব বিবরণী থেকে জানা গেছে, সদস্যদের চাঁদা থেকে ২ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৭৭০টাকা, উপ-নির্বাচনের মনোনয়ন বিক্রয় থেকে ১৫ লাখ ২৫ হাজার, ২ কোটি ৩১ লাখ টাকার অনুদান, পত্রিকা বিক্রয় ও বিজ্ঞাপন থেকে ৬৩ লাখ ৯৪ হাজার ৯৩৫ টাকা, ব্যাংক সুদ থেকে ১ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ৭৯৯ টাকা ও অন্যান্য খাত থেকে ২ লাখ ৯৫ হাজার ৮৭১ টাকা আয় হয়েছে।
অপরদিকে বিবরণীতে কর্মচারীদের বেতন বাবদ ৬২ লাখ ২১ হাজার ৫৭৫ টাকা, বিভিন্ন অনুষ্ঠানে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৯০ টাকা, উত্তরণ পত্রিকার প্রকাশনায় ৬৮ লাখ ৮২ হাজার ৭০৪ টাকা, ত্রাণ কার্যক্রমে ২১ লাখ ৬৯ হাজার ১৪৫ টাকা, অন্যান্য খাতে ২২ লাখ ৪ হাজার ৬৫৫ টাকা ব্যায় হিসেবে উল্লেখ করা হয়েছে।