দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষনা দেয়ায় পার্টি অফিস অবরুদ্ধ করে রেখেছে পদ বঞ্চিত নেতৃবৃন্দ।
৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি’র পদবঞ্চিত সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ করে এবং রুমে তালা লাগিয়ে দেয়।
পদ বঞ্চিত নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনাজপুরে বিএনপির যে স্থবিরতা চলে আসছিল তাতে আমাদের কাঙ্খিত স্বপ্ন ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে দিনাজপুরে নতুন কমিটি ঘোষনা করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যুর পর যে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে তাতে যারা বিগত দিনে আন্দোলনে মাঠে ছিল না, যারা আওয়ামীলীগের সাথে আতাত করেছে এবং আওয়ামীলীগের শোক র্যালীতে অংশ নিয়েছে তাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে। তারা বলেন, এই কমিটি আমরা মানি না। এই কমিটি পরিবর্তন না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।
বিক্ষোভে অংশ নেয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর আহবায়ক বখতিয়ার আহমেদ কচি, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মজিদ, পাপ্পু, সোহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, জেলা ছাত্রদলের সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুল, ছাত্রদল নেতা বকুলসহ শ্রমিকদল, মহিল দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট সোমবার সাবেক সাংসদ এ জেড এম রেজওয়ানুল হককে আহবায়ক ও মো. লুৎফর রহমান মিন্টুকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট বিএনপির দিনাজপুর জেলা কমিটি ঘোষনা করা হয়।